রাজধানীর উত্তরা এলাকায় গত ২২ এপ্রিল দুপুরে বাবার সামনে থেকে অপহরণ করা হয়েছিল উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক ১৪ বছর বয়সী শিক্ষার্থীকে। ঘটনার নয় দিন পর পুলিশ অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করেছে।
শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলাম (১৯) আটক করা হয়। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তিনি মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরাপূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে উত্তরা পূর্ব থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার সময় গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur