রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রী জি-ব্লক মেইন রোডের ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিশা আহমেদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুরের বিশিষ্ট রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদের মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় তিসা আচমকা পেছনের দিকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা ‘রমজান পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। ঘাতক রমজান পরিবহনের বাসসহ মোট দুটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি প্রক্রিয়া চলমান।
তরুণ এই শিক্ষিকার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিবার, শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি চাঁদপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur