দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বৈরাচারের হাতে বন্দি ছিল, কথা বলার স্বাধীনতা ছিল না। দেড় দশকেরও বেশি সময় পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফরিদগঞ্জে দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করাই আমার মূল লক্ষ্য- ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মোতাহার হোসেন পাটওয়ারী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
দিনের শুরুতে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন প্রাঙ্গণে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী।
এরপর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটিতে বাদ্যবাজনা, দলীয় ও জাতীয় পতাকা এবং দলীয় প্রতীক নিয়ে হাজার হাজার নেতাকর্মী নেচে-গেয়ে অংশ নেন। দীর্ঘদিন পর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র অধিকাংশ প্রভাবশালী নেতাকে একই মঞ্চে ও র্যালি একসাথে দেখা যাওয়ায় সাধারণ কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়।
র্যালির পূর্বে বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের প্রশাসনিক ও সামাজিক শৃঙ্খলা ধ্বংস করে গেছে। জনগণের ভালোবাসার প্রতিদান দিয়ে বিএনপি দেশকে পুনরায় শৃঙ্খলায় ফেরাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও রক্ত বয়ে চলছে দেশনায়ক তারেক রহমানের ধমনীতে। তাঁরই যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন যুগে প্রবেশ করেছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপ্পু, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন প্রমুখ।
সভায় ও র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির ৭-৮ হাজার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা পার্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ চার দশকের চড়াই-উতরাই পেরিয়ে আজ তারেক রহমানের গতিশীল নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছে। অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur