ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মেয়াদোত্তীর্ণ বীমা দাবির টাকা দ্রুত পরিশোধ এবং স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জে ফুঁসে উঠেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। মানববন্ধন চলাকালে কোম্পানির মাঠকর্মী কর্তৃক বাধার সৃষ্টি ও জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টার প্রতিবাদে পুলিশের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাঠকর্মী ও চরমুঘুয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম একই এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষদের প্রতিশ্রুতি দিয়ে মাসিক সঞ্চয় বীমাসহ বিভিন্ন মেয়াদের একাধিক পলিসি করান। তবে মেয়াদ পূর্ণ হওয়ার কয়েক বছর পার হয়ে গেলেও ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের জমানো টাকা পরিশোধ করছে না। জমানো টাকা উত্তোলনে সহযোগিতা না করে বীমাকর্মী সাইফুল ইসলাম গ্রাহকদের উল্টো হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী লিপি আক্তার, শেফালি বেগম, বিউটি আক্তার ও হোসনেয়ারা বেগম ফারইষ্ট ইন্স্যুরেন্সের বই ও মূল দলিল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঠকর্মী সাইফুল আমাদের নানা প্রলোভন দেখিয়ে একেকটি পরিবার থেকে একাধিক বীমা করিয়েছেন। এখন মেয়াদের সময় পার হলেও তিনি কোনো সহযোগিতা করছেন না। উপরন্তু টাকা তুলে দেওয়ার নাম করে উল্টো বাড়তি খরচ দাবি করছেন। এর আগেও তাঁর কাছে বারবার ধর্না দিয়েও আমরা কোনো প্রতিকার পাইনি।
এদিকে মানববন্ধনের শেষপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা সাইফুলের বাড়ির সামনে অবস্থান নিলে তিনি ঘর থেকে বেরিয়ে এসে কর্মসূচিতে বাধা দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
গ্রাহকদের হাত থেকে বাঁচতে ও ঘটনা আড়াল করতে সাইফুল ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশ এনে পরিবেশ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন। এতে গ্রাহকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশের উপস্থিতিতেই সাইফুলের প্রতারণার বিরুদ্ধে স্লোগান দেন।
গ্রাহকদের স্বজন আনোয়ার হোসেন জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিলেন। আজ গ্রাহকরা সুশৃঙ্খল মানববন্ধন করলে তিনি বাধার সৃষ্টি করেন এবং ৯৯৯-এ কল দিয়ে নিরীহ গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা চালান। আমরা চাই তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেভাবেই গ্রাহকদের কষ্টের আমানতের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন।
অভিযোগের বিষয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাঠকর্মী সাইফুল ইসলাম বলেন, এখানে উপস্থিত অনেকেই আমার মাধ্যমে বীমা করেননি। তাছাড়া অনেকের বীমার মেয়াদও শেষ হয়নি। কোম্পানীর অভ্যন্তরীণ আর্থিক সংকট থাকায় এই মুহূর্তে তারা টাকা পরিশোধ করতে পারছে না। এতে মাঠকর্মী হিসেবে আমার করণীয় কিছু নেই।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর কল পেয়ে ঘটনাস্থলে আসা ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন বলেন, সাইফুলের কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে উত্তেজিত গ্রাহকদের শান্ত করা হয় এবং মাঠকর্মী সাইফুলকে গ্রাহকদের বীমা দাবির টাকা পাইয়ে দিতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়ে উপস্থিত সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur