চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াল থাবায় বলি হলো আরও এক তরুণের প্রাণ। দীর্ঘদিনের মাদকাসক্ত নাঈম হোসেন (১৮) নামের এক যুবক নিজের হাত ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার পর মায়ের ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের মিস্ত্রী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের নীল দংশনে তিনি ক্রমেই মানসিক ভারসাম্য হারিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরিবার থেকে তাকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। মাদকের টাকা বা অন্যান্য বিষয় নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে তার ঝগড়া হতো।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে মাদক সেবনের জের ধরে পরিবারের ওপর অভিমান করেন নাঈম। একপর্যায়ে তিনি ক্ষোভে নিজের হাত ব্লেড দিয়ে কাটেন। এরপর ঘর থেকে মায়ের একটি ওড়না নিয়ে বাড়ির পাশে সুপারি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, “মাদকাসক্ত এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur