ফরিদগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদকসেবীকে সাজা
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার রুস্তমপুর এলাকার কারী বাড়ির এসহাক কারীর ছেলে মো. ইকবাল হোসেন রকি (২৪), পূর্ব বড়ালী গ্রামের বরকন্দাজ বাড়ির আবুল বাশারের ছেলে সাকিব হোসেন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে মো. আল আমিন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক, জুয়েল মিয়া ও জুমায়েত হোসেন জুয়েল পৃথক দুটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালান।
অভিযানকালে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী মো. ইকবাল হোসেন রকিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময়ে বর্ডার বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ আটক মাদকসেবী সাকিব হোসেনকে ২০ দিনের সাজা এবং ১২ গ্রাম গাঁজাসহ আটক মাদকসেবী মো. আল আমিনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, মাদকের হাত থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
উল্লেখ্য: ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা ধংস করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ সেপ্টেম্বর ২০২৬