ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১০ নভেম্বর ২০২৬