চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন ওই এলাকার মো. শফিক মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক কাজসহ বিভিন্ন কারিগরি পেশায় যুক্ত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. ফাহাদ জানান, মারুফ অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ কর্মী ছিলেন। বৈদ্যুতিক কাজের পাশাপাশি পাইপ ফিল্টার স্থাপন ও গ্যাসের চুলা মেরামতের কাজেও তার সুনাম ছিল। অল্প বয়সেই জীবিকার তাগিদে তিনি বিভিন্ন কারিগরি কাজে দক্ষতা অর্জন করেছিলেন। ঘটনার আগের দুই দিন ধরেই তিনি ওই বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করছিলেন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি অথবা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মারুফের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
- প্রতিবেদক: শিমুল হাছান, ৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur