Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ২৮ হাজার টাকা জরিমানা
ফুটপাত

ফরিদগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ২৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিয়মবহির্ভূতভাবে ফুটপাত দখল ও নানা অনিয়মের দায়ে বনফুল, রাহা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও পিপাসা হোটেলসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বর থেকে কেরোয়া মোড় হয়ে থানা চত্বর পর্যন্ত মূল সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল একটি মহল। ফল ও চা-পাকড়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের বর্ধিত স্থাপনা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পৌরসভার ট্রাকে করে মালামাল জব্দ করা হয়। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা নেই, তাদেরকে আগামী সাত দিনের মধ্যে তা হালনাগাদ করার কঠোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন ও উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খোকন চন্দ্র শীলসহ পৌর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক জানান, সাধারণ মানুষের চলাচলের সুবিধা এবং জনদুর্ভোগ লাঘব করতেই আমাদের এই উদ্যোগ। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে পৌর প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই দীর্ঘ প্রতীক্ষিত সাঁড়াশি অভিযানে বাজারের সাধারণ পথচারী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তাঁরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
৪ নভেম্বর ২০২৬