ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজবে স্ট্রোক করে নানীর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯), ডাকনাম সিয়াম, গোপনে সিগারেট খাওয়ার একটি ভিডিও ধারণ করে পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ও তাদের স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয় এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রিফাতকে ‘মেরে ফেলা হয়েছে’-এমন গুজব ছড়িয়ে পড়লে তার নানী আফিয়া বেগম তা শুনে শোকাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিরহাট বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হলেও শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, “নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে রিফাত হোসেন সিয়াম জীবিত রয়েছেন।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গুজবের ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান
২৫ এপ্রিল ২০২৬