চাঁদপুরের ফরিদগঞ্জে কামরুল হাসান রনি নামের এক যুবকের বিরুদ্ধে মাদক সেবন, চাঁদাবাজির চেষ্টা ও নানা অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ফরিদগঞ্জ থানার সামনের এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার গাজীপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ বাসিন্দারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কামরুল হাসান রনি দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়াভাবে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়াও সে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ইতোমধ্যেই থানায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে বলে মানববন্ধনকারীরা জানান।
মানববন্ধনে সংক্ষুব্ধ যুবক শাওন পাঠান অভিযোগ করে বলেন, অভিযুক্ত কামরুল হাসান রনি সম্প্রতি স্থানীয় ভূমি কার্যালয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা চালান। তবে উপস্থিতি ও বাধার মুখে সে ব্যর্থ হয়ে সেখান থেকে সটকে পড়ে।
একই গ্রামের বাসিন্দা শোহরাবসহ বেশ কয়েকজন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজকে ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই মাদকসেবী ও চাঁদাবাজকে দ্রুত আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উর্ধ্বতন সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ঘটনার বিষয়ে জানতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অভিযুক্ত কামরুল হাসান রনির ইয়াবা সেবনের ভাইরাল ভিডিওটি পুলিশ পর্যবেক্ষণ করেছে। মাদকের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অপরাধী যেই হোক না কেন, সরকারের সেই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিনিধি/
২১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur