Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সবচেয়ে ভালো সেও আলেম আর সবচেয়ে খারাপ সেও আলেম- ফরিদগঞ্জে ছারছীনার পীর
ছারছীনার

সবচেয়ে ভালো সেও আলেম আর সবচেয়ে খারাপ সেও আলেম- ফরিদগঞ্জে ছারছীনার পীর

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- সমাজে আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কারণ তাঁরা নবীদের উত্তরসূরি হিসেবে মানুষের কাছে দ্বীনের সঠিক শিক্ষা পৌঁছে দেন। একজন আদর্শ আলেম তাঁর জ্ঞান, আমল, তাকওয়া ও উত্তম চরিত্রের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। আবার কোনো আলেম যদি তাঁর দায়িত্ব থেকে বিচ্যুত হন, ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেন বা তাঁর জ্ঞানের যথাযথ আমল না করেন, তাহলে সমাজে তার নেতিবাচক প্রভাবও অনেক বেশি পড়ে। এককথায় বলা যেতে পারে সবচেয়ে ভালো সেও আলেম, আর সবচেয়ে খারাপ সেও আলেম।

পীর ছাহেব কেবলা আরও বলেন, এই কথার উদ্দেশ্য আলেম সমাজকে হেয় করা নয়; বরং তাঁদের দায়িত্ব ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা। একজন প্রকৃত আলেম মানুষের জন্য রহমত, পথপ্রদর্শক ও নৈতিকতার আদর্শ। তাই আলেমদের উচিত কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে সততা, ন্যায়পরায়ণতা, বিনয় ও তাকওয়ার সঙ্গে সমাজকে নেতৃত্ব দেওয়া। আমাদের প্রত্যেককে ইলমের মর্যাদা রক্ষা করতে হবে এবং এমন চরিত্র গড়ে তুলতে হবে, যাতে মানুষ আলেমদের দেখে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে। ব্যক্তি নয়, সত্য ও ন্যায়ের অনুসরণই একজন আলেমের হোক প্রকৃত পরিচয়।

১৮ জুলাই শনিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও অঙ্গসংগঠন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা মুজাদ্দিদে জামান, বাহরে শরীয়ত, শাইখুল মাশায়েখ শাহ্ সূফি হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরতম মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হোসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, চট্টগ্রাম জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মোহম্মদ খোরশেদ আলম, চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দীন খন্দকার প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক/
১৮ জুলাই ২০২৬