সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অসংগতি দূর করার দাবিতে রাজপথে নেমেছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী দাবিসম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
জানা যায়, বুধবার এইচএসসি পরীক্ষা শেষে দুই – তিনটি কলেজের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে সমবেত হন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের শ্লোগান দিতে থাকেন। দেশজুড়ে ব্যাপক জলাবদ্ধতা, প্রচণ্ড বৃষ্টি ও কর্দমাক্ত রাস্তা থাকা সত্ত্বেও জোরপূর্বক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রে ভুল থাকা, দূরবর্তী পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষকদের একাংশের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসস্ট্যান্ডের দুই পাশে দুই শতাধিক যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে উপজেলা কার্যালয়ে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে শামীম হৃদয়, নাহিদ, আহসান জুবায়ের, শাহিন ও শিহাব জানান, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা কেন্দ্র পরিবর্তন ও শিক্ষকদের দুর্ব্যবহারের প্রতিকারসহ ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন বলেন স্থানীয় রাজনৈতিক নেতারা আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের যুক্তিক আন্দোলনে আমাদের উপর হামলার প্রতিবাদে জানাচ্ছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, “শিক্ষার্থীরা তাদের কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করি এবং তাদের দাবিগুলো লিখিতভাবে জানাতে বলি। পরবর্তীতে শিক্ষার্থীরা আমার কার্যালয়ে এসে একটি স্মারকলিপি প্রদান করেছে। আমি এটি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি রাস্তা ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে আগামী পরীক্ষার প্রস্তুতি নিতে।”
বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান শেষে শান্তভাবে ফিরে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur