চাঁদপুরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরানবাজারে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেসার্স মনির ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ মে) বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।
মোনাজাতে পুরানবাজারের ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নতি, ব্যবসায়িক সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে ইন্তেকাল করা ব্যবসায়ীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে আগত অতিথি ও ব্যবসায়ীদের মিষ্টিমুখ করানো হয়। পরে আমন্ত্রিত ব্যবসায়ী, অতিথিবৃন্দ, মালিকপক্ষ ও শ্রমিকরা একসঙ্গে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথি ও ব্যবসায়ীদের আন্তরিক অভ্যর্থনা জানান মেসার্স মনির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনির হোসেন ঢালী এবং পরিচালক মোঃ দুলাল মৃধা।
ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি বাঙালি সংস্কৃতির চিরচেনা এই আয়োজন ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। ব্যবসায়ীদের মতে, এমন আয়োজন শুধু হিসাব-নিকাশের আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গদি ঘরের ভবন মালিক হাজী খোরশেদ বেপারী, ব্যবসায়ী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আছলাম তালুকদার, পুরানবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক দুলাল কাজী, ব্যবসায়ী হাজী লোকমান বেপারী, হাফেজ ফরিদ, ফারুক আকন্দ, খোরশেদ আলম, সাংবাদিক আশিক বিন রহিমসহ বাজারের অন্যান্য অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ীদের আপ্যায়নে দায়িত্ব ছিলেন মেসার্স মনির ট্রেডার্সের প্রতিনিধি আলী আকবর শেখ ও মেহেদী হাসান।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur