চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার পশ্চিম সকদী রামপুর বড় পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হলো এক মানবিক উদ্যোগ—বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি ও ওষুধ বিতরণ। শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় জাহানারা কফিলউদ্দিন পাটোয়ারী স্মৃতি ও একাত্তর ফাউন্ডেশন।
দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে দুই শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এলাকার বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় থাকা একাত্তর ফাউন্ডেশনের কর্মকর্তা আহসানুর রহমান সোহেল জানান, আমরা দীর্ঘ ১৫ বছর ধরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে আসছি। মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী কবির উদ্দিন পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী মনির আর্থিক সহায়তায় এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, সাবেক ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা হিসেবে কাজ করছে।
এদিন চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডা. ফারজানা বিনতে মিনহাজ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসের আহমেদ। তারা রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেন এবং ফ্রি ওষুধ বিতরণ করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur