বিশ্ব হাত ধোয়া দিবসে চাঁদপুরের দুটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত করে নিজের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর।
এসময় হাসান আলী এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার পাশাপাশি নিজের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট এডভোকেট নুরুল আমিন খান আকাশ। অনুষ্ঠানের উভয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধোয়ার কৌশল উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা আবর্জনা, টিস্যু, প্লাস্টিক বর্জ্য দেখবে তখনই তা পরিষ্কার করবে। এই বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমরা তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
এসময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ক্লিন চাঁদপুর নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং যেকোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি সরকারের জাতীয় কর্মসূচি সফল করতে নানাভাবে সহায়তা করছেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৫ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur