Home / উপজেলা সংবাদ / হাইমচর / নীলকমল ওছমানিয়া উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

নীলকমল ওছমানিয়া উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম, সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বেনজির আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন সোহাগ, বিদ্যালয়ের  সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ মিয়া,হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সকল এসএসসি পরীক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় নীলকমল ওছমানিয়া উচ্চ  বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম। 

বিদায়ী শিক্ষার্থীদের  পক্ষ থেকে আফসানা জেবা ফারিয়া  বলেন, আমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদায় নিচ্ছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো স্যারের সঙ্গে খারাপ  আচরণ করে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দোয়া প্রার্থনা করছি, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলী আকবর  বলেন, শিক্ষার্থীদেরকে আমরা পাঠদানের সময় শাসন করি আবার আদর করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম  বক্তব্যে বলেন, আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। কক্ষে উপস্থিত  শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে। বিদায় জীবনে শিক্ষার স্তর উন্নয়নের জন্য। সব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবে। পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য ও সেটকোড মনোযোগ সহকারে লিখবে। কোনো ভুল বা জরুরি কোনো প্রয়োজন হলে অবশ্যই হলের তত্ত্বাবধায়ক  মহোদয়কে জানাবে। সবার সফলতা কামনা করছি। সবার জীবন আলোকিত হোক।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া  ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ  মিয়া। 

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ) ,

১৬ এপ্রিল ২০২৬