নতুন ইউনিয়ন ফলে নাগরিক সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি কমবে: মমিনুল হক এমপি
চাঁদপুরের হাজীগঞ্জে প্রস্তাবিত ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ গঠনের সরকারি প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় স্থানীয়দের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে ১৩নং অলিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এর ফলে ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যায়।
প্রস্তাবিত অলিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছয়টি গ্রাম হলো অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রস্তাবিত এলাকায় প্রায় ১৩ হাজার মানুষের বসবাস।
আনন্দ র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের গণমানুষের প্রাণপ্রিয় নেতা সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এসময় তিনি বলেন, নতুন ইউনিয়ন বাস্তবায়নের ফলে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছানোর পাশাপাশি নাগরিক সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে সেই লক্ষ্যে তারেক জিয়া সরকার কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আব্দুল হক তালুকদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির এবং সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী এবং সঞ্চালনা করবেন ৫নং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিলন হোসেন নিরব।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,
২১ আগস্ট ২০২৬