দেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকাল আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৬৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এর বাইরে দুজন করে শিশুর মৃত্যুর হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৪৯৬টি শিশুই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১৬ শিশু। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৪৪৩ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৮১৯ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩০ হাজার ৮৬২ শিশু।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১০ মে ২০২৬