দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচালনা নির্বাচন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বাজারের মোট ২৯০ জন ভোটারের মধ্যে ২৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান পাঠান এবং সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি সাহাবুদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক তারেক মিজি, কোষাধ্যক্ষ আইয়ুব আলী আনসারী এবং প্রচার সম্পাদক মো. ইউনুছ খান।
তাছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সম্পাদক পদে মো. বিল্লাল, সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন এবং নির্বাহী সদস্য পদে মো. বাহা উদ্দিন, মাসুদ আলম ও মো. মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ভোটার ও প্রার্থীদের পূর্ণ সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচন নিয়ে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন বলেন, “দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাজারের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতাতেই এ সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে।” তিনি বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur