চাঁদপুরের ফরিদগঞ্জে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মাঝে কৃষিযন্ত্র বিতরণকালে এম এ হান্নান এমপি বলেছেন, ‘দলীয় পরিচয়ের বাইরে গিয়েও আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও আপনাদের সেই ভালোবাসা ও আস্থা অটুট থাকবে। একজন জনপ্রতিনিধিকে কাজ করার সুযোগ দিতে হবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ পরবর্তী নির্বাচনে অন্য কাউকে নির্বাচিত করবে। ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।’
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং ছাত্রজীবনে নিজেও কৃষিকাজ করেছেন। ইরি ধানের ক্ষেতে আগাছা পরিষ্কার, ধানের চারা রোপণ ও কোদাল দিয়ে জমি চাষের মতো কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকের কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং অনুভব করেন।
তিনি বলেন, গত দুই মৌসুমে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের সার, ট্রাক্টরসহ বিভিন্ন কৃষিযন্ত্র দেওয়া হয়েছে। তবে কিছু কৃষিযন্ত্র বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। বিক্রি হওয়া ট্রাক্টর উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের আরও কার্যকর তদারকির পাশাপাশি কৃষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিযন্ত্র অলস ফেলে না রেখে প্রয়োজনে অন্য কৃষকদেরও ব্যবহার করতে দেওয়া উচিত।
ফরিদগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। গত ৫৫ বছরে কী কাজ হয়েছে এবং আগামী পাঁচ বছরে কী করা হবে, তার তথ্যভিত্তিক বিবরণ জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি দাবি করেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও তাঁর উদ্যোগ ও তদবিরে প্রায় ২০০ কিলোমিটার সড়ক পাকাকরণ হয়েছে। বর্তমানে আরও কয়েকটি উন্নয়নকাজ চলমান রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, উপজেলা অডিটোরিয়ামে সংসদ সদস্যের বরাদ্দ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur