Home / শীর্ষ সংবাদ / ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের বিষয়টি সংসদে উত্থাপন করলেন এমপি মানিক
ছাপাখানা

ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের বিষয়টি সংসদে উত্থাপন করলেন এমপি মানিক

মুদ্রণ প্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন যুগোপযোগী করার বিষয়টি জাতীয় সংসদে লিখিত আকারে উত্থাপন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ৪৭০ নম্বর প্রশ্নে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে জানতে চান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করতে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান জানান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি এখনো পর্যালোচনা ও নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আইন সংশোধনের পরবর্তী পদক্ষেপ এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার নিরিখে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারা যুগোপযোগী করে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের উদ্যোগ নিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের কাছে লিখিত আবেদন জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চান।

চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক/
১২ নভেম্বর ২০২৬