জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন,ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামি ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপি কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই মঙ্গল ও বুধবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তাদের কাছে পৌঁছে দেয়া হবে।
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ,শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ,অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৪ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur