চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর/ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমান।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. এম আতিকুর রহমান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসরের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
নতুন ভিসি ও প্রো-ভিসির নিয়োগের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
২৩ জুলাই ২০২৬