চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।

চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব খাতে ২৪কোটি ৫৮লক্ষ ৫০হাজার টাকা ও সরকারি বরাদ্ধ ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়নে জেলা পরিষদ কাজ করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা পরিষদকে আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন। এসব সম্পদের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জেলা পরিষদের আয় বৃদ্ধি এবং সেবার মান আরও উন্নত করা হবে।

তিনি আরও বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি জনস্বার্থ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন, রাজস্ব আয় বৃদ্ধি এবং জেলা পরিষদের নিজস্ব সম্পদের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)- মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কে.এম. ইশমাম, চাঁদপুর মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাছিমা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, রহিম বাদশা, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, জেলা পরিষদের সহকারী পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

নিজস্ব প্রতিবেদক/ ২৯ জুন ২০২৬