চাঁদপুরে ১৫০ রোগীর পাশে ‘বিজয়ীর ফাউন্ডার’
চাঁদপুর শহরের পুরান বাজারে গরিব ও অসহায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ, আই ড্রপ ও চশমা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগষ্ট)- পুরানবাজারে চক্ষু ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান একজন মানবিক ও সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘ ছয় বছর ধরে নিজস্ব উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের ব্যবস্থাও করে আসছেন তিনি।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তানিয়া ইশতিয়াক খান বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব মনে করি। অর্থের অভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে চোখের সমস্যায় ভোগা মানুষগুলোকে একটু সহযোগিতা করতে পারলে তাদের জীবন অনেকটাই সহজ হয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রয়োজনের সময়ে পাশে থাকাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩১ আগস্ট ২০২৬