Home / সারাদেশ / চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ৫নং ঘাট স্ট্যান্ড রোড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ‘চায়না ভ্যারাইটি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে টাইলস, ফ্লোর ক্লিনার ও ভিক্সল প্রস্তুত ও বাজারজাত করছিল। এছাড়া পণ্যের খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিক্রি করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানার আদেশ দেন আব্দুল্লাহ আল ইমরান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করা প্যাকেট জব্দ ও ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক মো. খোকন সরকার ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।


অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশ এর একটি টিম। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

-সাইদ হোসেন অপু চৌধুরী/ ২৮ এপ্রিল ২০২৬