Home / চাঁদপুর / চাঁদপুরে বড় স্টেশন মোলহেডে অবৈধ দোকানপাট উচ্ছেদ

চাঁদপুরে বড় স্টেশন মোলহেডে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঈদুল আজহা উপলক্ষে ভ্রমণ করতে আসা দর্শনার্থীদের সঙ্গে এক ফুচকা ব্যবসায়ী অসৌজন্যমূলক আচরণ করায় চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পৌরসভা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

পৌরসভা থেকে জানানো হয়, পর্যটকদের জন্য নিরাপদ ও হায়রানি বন্ধ এবং সুন্দর পরিবেশ গড়তেই উচ্ছেদের এই উদ্যোগ।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় লোকজন জানায়, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত এই স্থানটি চাঁদপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। পাশাপাশি পর্যটকদের হয়রানির অভিযোগও বাড়ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে এখানে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। যে কারণে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, মডেল থানা ও রেলওয়ে পুলিশ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে।

স্টাফ করেসপন্ডেট/ ২ জুন ২০২৬