চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশনা অমান্য করে অস্ত্রোপচার পরিচালনা, ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স না থাকা এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে অপারেশন কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া যায়। এছাড়া রোগীদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং হাসপাতালের পরিবেশ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে।
পরে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মানদণ্ড মেনে চলার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেন।
অভিযান বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্টাফ রিপোর্টার/১১ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur