চাঁদপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

চাঁদপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের রেডচিলি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে স্থানীয় মার্চেন্ট বসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেড -এর ডিস্টিবিউটর মোঃ লতিফ তপাদার, বিকাশের মার্চেন্ট এরিয়া ম্যানেজার বানী আহমেদ, টেরিটোরি ম্যানেজার মোঃ সাকিব রহমান এবং অপারেশন ম্যানেজার মোঃ সামসুল আলম।

সভায় বক্তারা বলেন, দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা সহজেই মোবাইল ফোন ব্যবহার করে নিরাপদে মূল্য পরিশোধ করতে পারবেন এবং ব্যবসায়ীরাও নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি ও ঝামেলা কমিয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারবেন। এটি যেমন সময় ও খরচ সাশ্রয় করে, তেমনি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গ্রাহকসেবার মানও বৃদ্ধি করে।

তারা আরও বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলা কিউআর একটি কার্যকর ও সময়োপযোগী সেবা। এর ব্যবহার বাড়লে নগদবিহীন লেনদেনের সংস্কৃতি গড়ে উঠবে এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নেও ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পেলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রতি আস্থা আরও বাড়বে এবং স্মার্ট, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।

মতবিনিময় সভায় বাংলা কিউআর সেবার বিভিন্ন সুবিধা, ব্যবহার পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণে এর সম্ভাবনা, কাস্টমারদের জন্য লোন, ক্যাম্পেইন পেমেন্ট স্পিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে শোনা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩ আগস্ট ২০২৬