চাঁদপুরে প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি ও চেকিং জোরদার করা হবে: ডিসি
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে গুরুত্বপূর্ণ শহরের ১৯টি স্থানে ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম যাতে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। চিকিৎসার জন্য সদর হাসপাতালে ইউনিট চালু করার চিন্তা চলছে। কারাগারে থাকা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিতে হবে।”
মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “সন্তানরা কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুমাতে যাচ্ছে এবং সারাদিন কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। সংস্কৃতি চর্চা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে তরুণদের অপরাধপ্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি, প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে গিয়ে মাদক, বিদ্যুৎ, জননিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ কিছুটা সফল হয়েছে। হাজীগঞ্জেও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে। তবে সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
বাজার মনিটরিং ও পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “অবৈধ ইটভাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কোনো ইটভাটায় কার্যক্রম পরিচালনা করা যাবে না। ইটভাটায় খালের মাটি ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধ, ভেজাল খাদ্য প্রতিরোধ এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
চাঁদপুরের মিনি কক্সবাজার এলাকায় নদীতে চলাচলকারী ট্রলার থেকে একটি কুচক্রী মহল চাঁদা আদায় করছে—এমন তথ্য প্রশাসনের কাছে এসেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদীপথে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না।”
জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করা এবং নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, “চাঁদপুরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম আমরা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবীদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়েও আমরা কাজ করছি। কারাগারে থাকা মাদকসেবী বন্দিদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।”
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। অটোরিকশা আটক করা হলে অনেকেই শুধু পৌরসভার লাইসেন্স দেখান। আমার মনে হয় না, চাঁদপুর পৌরসভা এত বিপুলসংখ্যক লাইসেন্স দিয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “চাঁদপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। মাদক যাতে চাঁদপুরে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি ও চেকিং জোরদার করা হবে।”
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, অপরাধপ্রবণতা কমাতে জেলার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্পটগুলোকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। সিসিটিভি স্থাপন কার্যক্রমকে মডেল হিসেবে নিয়ে এর তদারকির দায়িত্ব জেলা পুলিশকে দেওয়া যেতে পারে।
তিনি বলেন, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে একটি বিশেষায়িত চিকিৎসা ইউনিট স্থাপন করা যেতে পারে। মাদক নিয়ন্ত্রণে ডিবি পুলিশের তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সোহেল রুশদী আরও বলেন, “চাঁদপুরে মাদক প্রবেশের প্রধান তিনটি পথ হলো সড়ক, রেল ও নৌপথ। এসব রুটে নিয়মিত অভিযান ও চেকিং জোরদার করা হলে মাদক প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”
তিনি সদর উপজেলার গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করে বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে যেন কোনো নাগরিক হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।”
সভায় এ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং, ভেজাল খাদ্য প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, গ্রাম আদালতের কার্যক্রম, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,ইলিশ সংরক্ষণ, অবৈধ যানবাহন ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার প্রশাসকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা জজকোর্টের নারী পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডারের প্রতিনিধি মো. আ. সামাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জাবেদ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের প্রতিনিধি মমিনুল ইসলাম, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল, এনএসআইয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. সেকান্দরসহ কমিটির সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক/
১৩ সেপ্টেম্বর ২০২৬