চাঁদপুরে দুপ্রতিষ্ঠানকে ১০ হাজর টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেল মজুদের হিসাব গড়মিল থাকায় মেসার্স সেলিম ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করার অপরাধে সেবা এগ্রো কেমিক্যালসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় আমরা নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছি। যারা আইন অমান্য করে পণ্যে ভেজাল, মজুদে অনিয়ম বা তথ্য গোপন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অবশ্যই সঠিকভাবে পণ্যের তথ্য উল্লেখ করতে হবে এবং মজুদের হিসাব স্বচ্ছ রাখতে হবে। অন্যথায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এদিকে, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১৫ এপ্রিল ২০২৬