চাঁদপুরের ডাকাতিয়া নদীতে রাবিশ ফেলে নদীর অংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট নির্মাণের অভিযোগে কাজী মোবারক করীম মেহেদী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশের রাবিশ সাত দিনের মধ্যে অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চাঁদপুরের ১০ নম্বর চৌধুরীঘাট এলাকায় কসাইখানা সংলগ্ন স্থানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে ডাকাতিয়া নদীতে রাবিশ ফেলে নদীর একটি অংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট তৈরি করা হয়। এ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।
এ ছাড়া ভরাট করা অংশের রাবিশ অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া আদালতে প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩১ বাগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur