চাঁদপুরে জয়ধ্বনি মেলার আনন্দে জনদুর্ভোগ, দুর্ভোগে হাসপাতালগামী রোগী
আশিক বিন রহিম।। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রেস ক্লাব মাঠে দুই দিনব্যাপী এম-রাইজ। জয়ধ্বনি মেলাকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম সড়কে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে সড়কসংলগ্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াতকারী রোগী, স্বজন এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ মেলা শুক্রবার (৬ নভেম্বর) শেষ হওয়ার কথা। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকায় মেলাকে কেন্দ্র করে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটছে। পাশাপাশি সড়কে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চাপ বাড়ায় যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শুক্রবার বিকেলের পর কাজী নজরুল ইসলাম সড়কের প্রেস ক্লাব মাঠসংলগ্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। মেলায় আসা দর্শনার্থীদের ভিড়, সড়কে যানবাহনের অবস্থান এবং চলাচলের সীমিত জায়গার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ পথচারীদের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চিকিৎসাসেবা নিতে আসা মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে হাসপাতাল থাকলেও মেলাকে কেন্দ্র করে সৃষ্ট যানজটের কারণে রোগী পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি মুহূর্তে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে যানজট বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে সংকটাপন্ন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য সড়কটি নির্বিঘ্ন রাখা অত্যন্ত জরুরি।
তাদের প্রশ্ন, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আয়োজনের কারণে হাসপাতালগামী রোগীদের জীবনঝুঁকি কিংবা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি কেন তৈরি হবে? একটি গুরুত্বপূর্ণ সড়কে বড় আয়োজনের ক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণ ও জরুরি যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা রাখা আয়োজক ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে।
উল্লেখ্য, এম-রাইজ জয়ধ্বনি মেলায় চাঁদ রাতের আমেজ, লাইভ কাওয়ালি, বায়োস্কোপ, গেমিং ও এক্সপেরিয়েন্স জোন, মেহেদি উৎসব এবং বিভিন্ন খাবারের স্টলসহ নানা আয়োজন রাখা হয়েছে। তরুণ প্রজন্ম ও সাধারণ দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজিত এ মেলা শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে উৎসবের আনন্দ যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজী নজরুল ইসলাম সড়কে দ্রুত যানজট নিয়ন্ত্রণ, অবৈধভাবে যানবাহন দাঁড় করানো বন্ধ এবং হাসপাতালের প্রবেশপথ ও অ্যাম্বুলেন্স চলাচলের পথ সার্বক্ষণিক উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি জনস্বার্থ ও জরুরি চিকিৎসাসেবার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৬ নভেম্বর ২০২৬