চাঁদপুরে বিভিন্ন সেবা নিয়ে যাত্রা শুরু করলো জাস্টট্রিপ ডটনেট

ভ্রমণ, ভিসা, হজ-ওমরাহ, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা নিয়ে চাঁদপুরে যাত্রা শুরু করলো জাস্টট্রিপ ডটনেটের নতুন শাখা।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় নতুন এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করার সুবাদে অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সি দেখেছি, আবার অনেক প্রতারক এজেন্সির কর্মকাণ্ড ও দেখেছি। অনেক এজেন্সি সুনামের সঙ্গে কাজ করছে। আবার কিছু কিছু এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগও রয়েছে, যেখানে হজের জন্য টাকা দেওয়ার পর দিনের পর দিন গ্রাহকদের ঘুরতে হয়েছে। এ ধরনের অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রচার হয়েছে।

তিনি বলেন, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় তাকালেই দেখা যায়, হজ ও ট্রাভেল এজেন্সির নামে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের কিছু কিছু বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, তাদের লাইসেন্স অন্য ব্যক্তির নামে। জিজ্ঞেস করলে কেউ বলেন, এটি আমার মামার লাইসেন্স, কেউ বলেন চাচার লাইসেন্স। এভাবে বিভিন্ন নামে অনেক এজেন্সি পরিচালিত হচ্ছে। তবে কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা তৈরি হলে এবং প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে কাজ করলে সেখানে কোনো সমস্যা থাকে না। একজন গ্রাহক হিসেবে আমি কাকে বিশ্বাস করব, কোন এজেন্সি সঠিকভাবে কাজ করছে তা মূলত তাদের কার্যক্রম ও সেবার মানের ওপর নির্ভর করে।

তিনি আরো বলেন, জাস্টট্রিপ ডটনেট দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে বলে শুনেছি। এখন নতুন করে চাঁদপুরে তাদের শাখা চালু হলো। আপনারা যদি নিজেদের সুনাম অক্ষুণ্ন রেখে মানুষের আস্থা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই মানুষ আপনাদের প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবে।

আপনারা গ্রাহকদের যে কমিটমেন্ট করবেন, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। তাহলে মানুষ আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হবে।
আমি জাস্টট্রিপ ডটনেটের চাঁদপুর শাখার জন্য শুভকামনা জানাই। আশা করি, আপনারা সুনামের সঙ্গে চাঁদপুরে কার্যক্রম পরিচালনা করবেন এবং মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম, জাস্টট্রিপ ডটনেটের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া, জাস্টট্রিপ ডটনেটের এডুকেশন কনসালটেন্ট শরীফ মো. আবু তারেক এবং জাস্টট্রিপ ডটনেটের মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম লিটন।

জাস্টট্রিপ ডটনেট একটি আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ভ্রমণসেবা প্রতিষ্ঠান। ভ্রমণ, ভিসা, বিমান টিকিট, হোটেল, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং চিকিৎসা ভ্রমণসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু বুকিং নয়, ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে যাত্রার শেষ পর্যন্ত নির্ভরযোগ্য, স্বচ্ছ ও পেশাদার সহযোগিতা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

চাঁদপুরের নতুন শাখা থেকে হজ ও ওমরাহ প্যাকেজ, ভিসা সহায়তা, ট্যুর প্যাকেজ, চিকিৎসা ভ্রমণ সহায়তা, বিমান টিকিট বুকিং ও হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

এছাড়াও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা, নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা, গ্রাহকসেবা, প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন প্যাকেজ এবং শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শিক্ষাসংক্রান্ত সেবার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে সহায়তা, ফাইল মূল্যায়ন, সহজ ও দ্রুত ভর্তি প্রক্রিয়া এবং ভিসা আবেদনে সহায়তাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো ভ্রমণকে সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য করা এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

উল্লেখ্য, জাস্টট্রিপ ডটনেটের চাঁদপুর শাখার ঠিকানা ফাতেমা ভিলা, বাড়ি নম্বর-০১৬৭, নিচতলা, কদমতলা রোড, কদমতলা স্কুলের উত্তর পাশে, নতুন বাজার, চাঁদপুর।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৯ আগস্ট ২০২৬