Home / চাঁদপুর / চাঁদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া, দেশীয় ৬টি অ/স্ত্র উদ্ধার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া, দেশীয় ৬টি অ/স্ত্র উদ্ধার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যেই এক সাহসী পদক্ষেপের নজির স্থাপন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। উদ্ধার হয়েছে ৬টি দেশীয় অস্ত্র, যা পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোর গ্যাং প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু বিএনপির নেতা-কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তারা দ্রুত সাহসিকতার সাথে কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কিশোর গ্যাং সদস্যরা ঘটনাস্থলেই তাদের হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক মোখলেছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নি।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২৩ এপ্রিল ২০২৬