চাঁদপুরে ৬ নৌকাসহ ১০ মণ ইলিশ ও কারেন্ট জাল জব্দ- গ্রেফতার ২১
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতভর অভিযানে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে নদীপথে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে গ্রেফতার ২১ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ছয়টি নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাছ ধরার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা, বিপুল পরিমাণ ইলিশ এবং অবৈধ কারেন্ট জাল।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরুর প্রথম সপ্তাহে ৫০ কেজি ইলিশ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ শিকারে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১৫ অক্টোবর ২০২৬