চাঁদপুরে আল আমিন একাডেমিতে বিজ্ঞান মেলা

কেউ তৈরি করেছে দুর্ঘটনা প্রতিরোধ স্মার্ট কার, কেউ সহজ অ্যাপস। কারও চোখে রোবট তৈরির স্বপ্ন, আবার কেউ প্রকৃতির রহস্যকে ধরতে চাইছে পরীক্ষার ছোট্ট পরিসরে। বয়সে তারা কিশোর, কিন্তু কৌতূহলের পরিধি যেন মহাকাশের মতোই বিস্তৃত।

সেই স্বপ্ন ও কৌতূহলকে বাস্তব প্রকল্পে রূপ দিয়ে চাঁদপুর শহরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২৬ । সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আল আমিন একাডেমি ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাব আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক অনুসন্ধান ও গণিতভিত্তিক নানা প্রকল্প প্রদর্শিত হয়। যা একাডেমির শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের আকৃষ্ট করে।

আর-আমিন একাডেমির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল-এর পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মোঃ শফিকুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, পুরানবাজার ডিগ্ৰি কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এবং গার্লস ক্যাম্পাসের ইনচার্জ ফারজানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত, দক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক বিশ্বে মেধার প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান ও গণিতের বাস্তব প্রয়োগের সঙ্গে পরিচিত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও নতুন কিছু উদ্ভাবনের সুযোগ দিতে হবে। নিয়মিত বিজ্ঞান মেলা ও গণিতভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

বিজ্ঞান মেলার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীলতা বিকাশ এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতেই এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞান মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং মেধার ভুয়সী প্রশংসা করেন। সবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল-এর পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার, উপ-পরিচালক (কলেজ) মোঃ শফিকুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ আলামিন একাডেমি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে এবং তাদের নৈতিক শিক্ষা মাধ্যমে প্রযুক্তির অপব্যাবহার রোধে ভুমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভাবে প্রচেষ্টা চালানো সময়ের দাবি।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩১ আগস্ট ২০২৬