চাঁদপুরে আম ছিঁড়তে গিয়ে গাছের ডালে বৃদ্ধের মৃত্যু, পরিবারের দাবি ভিন্ন
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের আম ছিড়তে গিয়ে গাছের ডালেই মোঃ শফিকুর রহমান (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গাছের ডাল থেকে মৃত মোঃ শফিকুর রহমানকে নামানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।তবে পরিবারের দাবি গাছের ডালে নয়, হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।
মৃত মোঃ শফিকুর রহমানের ভাতিজা মোঃ দেলোয়ার হোসেন জানান, তার চাচা দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন এবং এর আগে একাধিকবার হার্ট অ্যাটাক করেছিলেন। রোববার সকালে তিনি সুস্থ শরীরে আম পাড়তে গিয়েছিলেন। এসময় হঠাৎ অসুস্থতাবোধ করলে গাছের ডালে হেলান দিয়ে বসেন। খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। পথিমধ্যে বহরিয়া বাজার এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। গাছে ঝুলে বা গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে—এমন তথ্য সঠিক নয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ মে ২০২৬