Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এস এম ইকবাল

ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩১ নম্বর ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এস এম ইকবাল হোসেন। 

সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. ফারুক খান। সভায় কমিটির সদস্যদের প্রস্তাব, সমর্থন ও মতামতের ভিত্তিতে অভিভাবক সদস্য এস এম ইকবাল হোসেনকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এস এম ইকবাল হোসেন বলেন, ‘আমি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। সবার আস্থা ও ভালোবাসায় আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা আমাকে এই গুরুদায়িত্ব পালনে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এ লক্ষে আমি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীসহ এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।’

এদিকে, এস এম ইকবাল হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, এস এম ইকবাল হোসেন দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘ডেইলি অবজারভার’ ও ‘দৈনিক সময়ের আলো’র ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি ‘দৈনিক চাঁদপুর খবর’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘প্রিয় চাঁদপুর’-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিনিধি/ ১৫ জুন ২০২৬