কলেরা প্রতিরোধে ৫ জেলায় মুখে খাওয়ার ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু
দেশের কলেরা রোগের উচ্চঝুঁকি পূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় মুখে খাওয়ার প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হচ্ছে। ক্যাম্পেইনের প্রথম রাউন্ড শুরু হয়েছে শনিবার এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে এ টিকা দেয়া হবে।
এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৮ আগস্ট এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মসূচিতে সহযোগিতা করতে বলা হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের গেন্ডারিয়া, কদমতলী, লালবাগ, কামরাঙ্গীরচর, খিলক্ষেত, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় টিকা দেওয়া হবে।
এছাড়া মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, তাড়াইল ও হোসেনপুর উপজেলায় এক বছর ও তদূর্ধ্ব বয়সি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতাভুক্ত নন।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা করবেন। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে টিকা গ্রহণের বিষয়ে প্রচার চালাতে হবে।
শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করা, রেজিস্ট্রেশন এবং টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সহযোগিতা করবেন।
কোনো শিক্ষার্থী নিজে রেজিস্ট্রেশন করতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষকরা সহায়তা করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয় ও কলেজে পরিচালিত টিকাদান কার্যক্রম পরিবীক্ষণ করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাউশি।বাসস
২৩ আগস্ট ২০২৬
এ জি