কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান চালায়। সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান দমনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সীমান্ত শূন্য লাইন থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বা লুকানো এই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব চোরাই শাড়ির সর্বমোট সিজার মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
১০ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত দিয়ে এ ধরনের অবৈধ পণ্য পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা এসব ভারতীয় শাড়ি বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur