কুমিল্লায় হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের মধ্যে ১০ জনের শরীরে নিশ্চিতভাবে এই রোগ শনাক্ত হয়েছে। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে জেলায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ১৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আজ (১ জুলাই) পর্যন্ত জেলাটিতে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৬৬ জন। চলতি বছর হাম সন্দেহে ১০ জন এবং ল্যাব নিশ্চিত ১ জনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ২৮৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ২ হাজার ২১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur