কুমিল্লায় কিশোর গ্যাং বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে এক রাতেই আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিচালিত এই অভিযানে মোট ৬২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সাম্প্রতিক সময়ে উঠতি বয়সের কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে এই বিশেষ অভিযান চালানো হয়। তিনি বলেন- আটককৃতদের পূর্বের অপরাধের ইতিহাস যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সবকিছু যাচাইবাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের খুনের ঘটনার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে এই কঠোর পদক্ষেপ নেয় কুমিল্লা জেলা পুলিশ।

এদিকে কুমিল্লার দাউদকান্দিতে দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮জন কিশোরকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাত ১০টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত থানায় ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানা পুলিশ। এদিকে থানার সামনে ওইসব কিশোর ও তাদের অভিভাবকদের একটি হট্টগোলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়। তাদের স্বজনরা এক সঙ্গে আসলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৬ জনকে যাছাই বাছাই চলছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৪ সেপ্টেম্বর ২০২৬