চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৯০

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৭০ জনকে আটক করা হয়।

মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।

পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানা-পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দুজনকে এবং মতলব উত্তর থানা-পুলিশ ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দু’জন,শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দু’জন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে হাইমচর থেকে একজন,ফরিদগঞ্জ থেকে ১৪ জন, মতলব উত্তর থেকে আটজন,হাজীগঞ্জ থেকে ১৪ জন,শাহরাস্তি থেকে ১৭ জন এবং কচুয়া থেকে ১৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন,মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর আহ্বানও জানান তিনি।

১১ অক্টোবর ২০২৬
এ জি