চাঁদপুরে দু’আড়তদারকে জরিমানা,ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
মা ইলিশ সংরক্ষণ চাঁদপুরে পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দু’ আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার ১০ অক্টোবর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হুদা।
চাঁদপুর মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা,আলুবাজার, ফেরিঘাট খাল, আখনের ঘাট,নন্দী ঘাট,রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান,অভিযান চলাকালে ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো.সেলিম ও মো.রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১০ অক্টোবর ২০২৬
এ জি