জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার ৬ আগস্ট রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, সব গণহত্যার ঘটনায় বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ঢাকা থেকে রংপুর সড়কপথে, ১০ অক্টোবর ২০২৬ শনিবার ঢাকা থেকে খুলনা সড়কপথে এবং ২৪ অক্টোবর ২০২৬ শনিবার ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর ২০২৬ শনিবার ঢাকায় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে এসব দাবির পক্ষে দেশব্যাপী গণসংযোগ ও আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
৬ জুৃলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur