চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন যুবদল পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মিথ্যা অপ-প্রচার নিয়ে সংবাদ সম্মেলন করায় ক্ষিপ্ত হয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুধন্ডা গ্রামের মিলন মিয়ার গভীর নলকূপের সামনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন রবিবার সকালে গভীর নলকূপের টাকা সংগ্রহের জন্য মাঠে যান। এ সময় তার কাছে প্রায় ৮৫হাজার টাকা হামলাকারী নেছার আহমেদ ও তার দলবল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, আলমগীর হোসেনকে নিয়ে শনিবার মিথ্যা অপ-প্রচার করায় তিনি অপ-প্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সংবাদ সম্মেলন করে।
এতে ক্ষিপ্ত হয়ে নেছার আহমেদ পুনরায় পরদিন তার উপর দলবল নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কচুয়া প্রতিনিধি/ ২৭ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur