Home / সারাদেশ / ওটিপি পাঠিয়ে মোবাইল নম্বর হ্যাক চক্রের প্রধান গ্রেপ্তার
ওটিপি

ওটিপি পাঠিয়ে মোবাইল নম্বর হ্যাক চক্রের প্রধান গ্রেপ্তার

কুমিল্লায় মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাইবার প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সংঘবদ্ধ চক্রের মূলহোতা ফারুক হোসেনকে (৫৫) যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে চক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপূল চন্দ্র দেবনাথ গত ৬ আগস্ট বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, গত ১০ মার্চ কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদারের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে প্রতারক চক্রটি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে বলে। সিটি টাচ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট চেক করার পরপরই ভুক্তভোগীর মোবাইল ফোন হ্যাক হয়ে এর নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। পরবর্তীতে চক্রটি সিটি ব্যাংক কুমিল্লা শাখা থেকে দুটি পৃথক অ্যাকাউন্টে ৫ লাখ ৩০ হাজার টাকা এবং জনতা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৪৬ হাজার ৭৮৯ টাকা—সর্বমোট ৫ লাখ ৭৬ হাজার ৭৮৯ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় গত ১৬ মার্চ ভুক্তভোগী শিক্ষক কোতোয়ালী মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ জুন যশোর জেলার লেবুতলা এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।

পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, প্রযুক্তিতে দক্ষ এই চক্রটি মোবাইলে ক্ষুদে বার্তা ও ওটিপি পাঠিয়ে মানুষের মোবাইল নিয়ন্ত্রণ করে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করে। আসামির জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পিবিআইর অভিযান অব্যাহত রয়েছে। তবে গত দুই মাসেও লুট হওয়া ওই অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৭ আগস্ট ২০২৬