বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৬৩.৭৪%
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে পরীক্ষার ফল গেজেট হস্তান্তর করেন বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.হাবিবুল্যাহ মাহামুদ। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
চলতি বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়া ১২ হাজার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন,”দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাউবি মূলধারার শিক্ষা থেকে বঞ্চিতদের দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আধুনিক ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কারণে মাত্র ৪৯ কার্যদিবসে রেকর্ড সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে।” তিনি কৃতকার্যদের অভিনন্দন জানান এবং অকৃতকার্যদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্ণাঙ্গ অটোমেশন,কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিসহ প্রবেশপত্র ও ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
২৮ আগস্ট ২০২৬
এ জি